খবর লাইভ : বাগনান শুট-আউট ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীর স্বামীকে। মৃত অভিনেত্রীর পরিবারের বয়ানের ওপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয়েছে প্রকাশ কুমারকে। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে ছিল পেশাগত সমস্যা। রিয়ার পরিবারের দাবি, তাঁর ওপর মানসিক অত্যাচার চালাতেন প্রকাশ। প্রথম থেকেই অভিনেত্রীর স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি পাচ্ছিল পুলিশ। তাঁকে বুধবার থেকেই টানা জেরা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে।
আরও পড়ুনঃ প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
বুধবার ভোরে বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে মহিষরেখা ব্রিজের কাছে গুলিবিদ্ধ হয়ে খুন হন রাঁচির ইউটিউবার ইশা আলিয়া। আড়াই বছরের মেয়ের সামনেই গুলি করা হয় তাঁকে। তাঁর স্বামীর বক্তব্য ছিল, তাঁরা ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসছিল। বাগনানের ওই এলাকায় গাড়ি দাঁড় করিয়ে শৌচকর্ম করতে গিয়েছিলেন প্রকাশ কুমার। তখনই অভিনেত্রীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনা যথেষ্ট ভাবিয়ে তুলেছিল পুলিশ প্রশাসনকে। প্রথম থেকেই প্রকাশের ওপর ছিল সন্দেহের তীর। এরপরই প্রকাশের বিরুদ্ধে অভিনেত্রীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন বাগনান থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল অভিনেত্রীর স্বামীকে।




