খবর লাইভ : ডিসেম্বরের শেষে রাজ্যে উধাও হল শীতের আমেজ। বড়দিনেও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল দিনের তাপমাত্রা। সোমবার পারদ আরও ঊর্ধ্বমুখী হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়বে।
রবিবার রাজ্যের তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার তা আরও ৩ ডিগ্রি বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তারপর ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
সোমবার কলকাতা-সহ সারা রাজ্যেই আকাশ মেঘমুক্ত থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েক দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে হাওয়া অফিস সূত্রের খবর। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।




