খবর লাইভ : আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই নতুন বছর। আগামী বছরের শুরুতেই খুশির খবর। কমতে চলেছে ১২৯টি জীবনদায়ী ওষুধের দাম। মঙ্গলবার ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একশোরও বেশি ওষুধের নতুন দাম নির্ধারণ করেছে। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার ক্যানসার, প্যারাসিটেমল সহ বেশ কিছু ওষুধের দাম কমেছে বলে জানা গেছে। পাশাপাশি বাড়তে চলেছে বেশ কিছু ওষুধের দাম।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ইতিমধ্যেই ১০৭ টি ওষুধের সংশোধিত মূল্য প্রকাশ করেছে। যেসব ওষুধের দাম কমেছে, তার মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যামক্সিসিলিন, রোবেপ্রাজল। এর মধ্যে অনেক ওষুধ রোগীরা নিয়মিত ব্যবহার করে থাকেন। উদাহরণ হিসেবে প্যারাসিটামল ৬৫০ যা এক-একটি ২.৩০ টাকায় বিক্রি হত, তার গাম ১.৮০ টাকা করা হয়েছে। অন্যদিকে অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভুলানেটের দাম প্রতিটির ২২.৩ টাকা থেকে কমিয়ে ১৬.৮ টাকা করা হয়েছে।
এর পাশাপাশি ক্যানসারের ওষুধের দামও কমেছে। ক্যানসার চিকিৎসায় ব্যবহার করা বেশ কিছু ওষুধের দাম ৪০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। দাম কমেছে জ্বর ও ডায়াবিটিসের ওষুধেরও। গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
পাশাপাশি, মন্টেলুকাস্ট এবং মেটফর্মিনের মতো বেশ কিছু ওষুধের দাম এই দফায় বাড়ানো হয়েছে।মেটফর্মিন ৫০০ মিলি প্রতি ট্যাবলেটের দাম ১.৭০ টাকা থেকে বাড়িয়ে ১.৮০ টাকা করা হয়েছে। ওষুধটি টাইপ টু ডায়াবেটিসের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
গত মাসেও বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। অপরিহার্য ওষুধের তালিকায় নতুন করে বেশ কিছু ওষুধকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালকে সেইসব ওষুধের পর্যাপ্ত স্টক মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।




