খবর লাইভ : বিশ্বকাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও আর্জেন্টিনার কাছে পরাজিত হল ফ্রান্স। পরাজয় মেনে নিতে না পেরে উত্তাল হয়ে উঠল গোটা দেশ। হারের পর রাস্তায় বিক্ষোভ দেখালেন সমর্থকরা। পরিস্থিতি সামলাতে লাঠি চালাল পুলিশ। ছোড়া হয় কাদানে গ্যাসও।
রবিবার ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেনি ফ্রান্স। অধরা থেকে গিয়েছে বিশ্বকাপ। এই হার যেন মানতেই পারছেন না সমর্থকরা। গতকাল ম্যাচ শেষের পর প্যারিস সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ দেখানো হয়। ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায়ও ফ্রান্সের উত্তাল রাজপথের ছবি ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ ঠেকাতে ধড়পাকড়ও করে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। এদিকে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিল অন্য। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক ফাইনালের জয় উদযাপন করেন।




