খবর লাইভ : গতকাল আসানসোলে ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কম্বল বিতরণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মারা যান তিনজন। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি সামনে চলে এসেছে গেরুয়া শিবিরের দ্বন্দ্ব।
প্রসঙ্গত, গতকাল আসানসোলে একটি অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষকে কম্বল দেওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অল্প কয়েকজনকে কম্বল দিয়ে চলে যান। কিন্তু তারপরেই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হয়ে সেই সময় তিন জনের মৃত্যু হয়।
সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ এই মৃত্যুর জন্য শোক প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন পুলিশের উপর। তাঁর মতে, পুলিশের উপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা মোটেই ঠিক হয়নি। প্রয়োজন ছিল আরও প্রস্তুতির। এরই পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, “দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে। আরও সতর্ক হওয়া উচিৎ ছিল।”
রাজনৈতিক মহলের অধিকাংশের মতে, দিলীপ ঘোষ আসলে এই মন্তব্যের মাধ্যমে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিষয়টি নিয়ে যে আগামীতে বড় বিতর্ক তৈরি হতে চলেছে, সে ব্যাপারে প্রায় নিশ্চিত রাজনৈতিক মহল।




