খবর লাইভ : ১৯৫৮। সুইডেন বিশ্বকাপ। ১৭ বছরের এক কিশোরের দুর্দমনীয় যাত্রার শুরুটা যে সেখান থেকেই। সুইডেনের মাটি থেকে সেবার গোটা দুনিয়া চিনেছিল পেলে নামের এক ফুটবল–শিল্পীকে। সাম্বার দেশ ব্রাজিল সেই প্রথমবারের পেয়েছিল বিশ্বকাপ জয়ের স্বাদ। ৬৫ বছর আগের এক সোনালী ইতিহাসের পাতা উল্টে হাসপাতালের বেড়ে শুয়ে স্মৃতির স্মরণীতে ভেসে সেই সময়কার একটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন পেলে। ১৯৫৮ বিশ্বকাপটাই তো তাঁর জন্য কিংবদন্তি হয়ে ওঠার শুরু।
হাসপাতালে চিকিৎসাধীন পেলে নিজের ১৯৫৮ বিশ্বকাপের সময়কার একটি ছবি ফেসবুকে পোস্ট করে আজ ব্রাজিল দলকে শুভকামনা জানিয়েছেন। সুইডেনের একটি শহরের রাস্তায় হাঁটছেন। আলোকচিত্রী এক ফাঁকে সেই মুহূর্তটা ফ্রেমবন্দি করেছেন তাঁর ক্যামেরায়। পেলে ফেসবুকে লিখেছেন, “১৯৫৮ সালে সুইডেনের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি আমার বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভাবছিলাম। আমি জানি, ব্রাজিল দলের অনেকেই এবার এমন প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম বিশ্বকাপের স্বপ্নও দেখছেন।”
পেলের মতো এবার প্রথম বিশ্বকাপ জেতার সুযোগ নেইমার, থিয়াগো সিলভা, কাসেমিরোদেরও। সে কারণেই তাঁদের অনুপ্রাণিত করতে চেয়েছেন ফুটবল সম্রাট। ব্রাজিল দলকে শুভকামনা দিতে গিয়ে নিজের অসুস্থতার কথাও উল্লেখ করেছেন কিংবদন্তি। জানিয়েছেন, তিনি হাসপাতালে শুয়েই কাতার বিশ্বকাপে ব্রাজিলের খেলাগুলি উপভোগ করবেন, প্রতিটি ব্রাজিল ফুটবলারের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন।




