খবর লাইভ : কিছুদিনের বিরতি। আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা(Corona) আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে প্রায় তিন হাজারের কাছাকাছি করোনায় আক্রান্ত। রাজ্যের পাশাপাশি কলকাতা পুলিশের ভেতরেও এবার করোনা আক্রান্তের খোঁজ মিলছে। লালবাজার সূত্রের খবর, এখনো পর্যন্ত ৩০ থেকে ৩২ জন কলকাতা পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার থেকে কলকাতা পুলিশ বাহিনীর জন্য খোলা হচ্ছে আইসোলেশন সেন্টার। কলকাতা পুলিশের করোনায় আক্রান্ত কর্মী দের এই আইসোলেশন সেন্টারে রাখা হবে বলে জানা যাচ্ছে। তবে জানা যাচ্ছে, বেশ কয়েকজন উপসর্গহীন করোনা আক্রান্তের বাড়িতে থেকেই চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ বিমা সংস্থাকে বাদ দিয়ে স্বাস্থ্যসাথীর টাকা হাসপাতালকে সরাসরি মেটাবে রাজ্য সরকার
চিকিৎসকদের একাংশের মতে, এবার যারা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের কোনরকম উপসর্গ দেখা যাচ্ছেনা। ফলে সংক্রমণের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। সংক্রমণের ক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে বরাবরের মতন উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলাগুলি। আপাতত করোনা নিয়ন্ত্রণ করতে কড়া বিধি-নিষেধ মেনে চলার কথা বলা হচ্ছে।




