খবর লাইভ : ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরুর কিছু ক্ষণ আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। এ বার সেই অভিযোগের তদন্ত করবে সিআইডি। তেমনই নির্দেশ নবান্নের।
এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘‘এই অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’
সোমবার রাজ্য জুড়ে শুরু হয় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা। আর সেই পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই এদিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে দাবি। যদিও প্রশ্ন ফাঁসের দাবি মানতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবার অন্য সেন্টারে গিয়ে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিধি নিষেধের একাধিক ঘেড়াটোপ পেরিয়েও কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায় তা নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। এমনকি পরীক্ষা শেষের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে বলেও দাবি উঠেছে।




