খবর লাইভ : দুর্নীতি ইস্যুতে এমনিতেই তৃণমূল কোণঠাসা। তারমধ্যে বিতর্ক বাড়ালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত তিনি তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। জানা যাচ্ছে, রবিবার দুপুরে তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেনের পড়াশোনা নিয়ে বিতর্কিত মন্তব্য সহযোগে টুইট করেন সুকান্ত মজুমদার। দাবি করেন, শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় পাস করেননি। পাস না করেই তিনি ডাক্তারি পড়ছেন। এমনকি সুকান্ত মজুমদার অভিযোগ তোলেন, ভর্তির ফর্মে তথ্য গোপনের।আর তাই নিয়ে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। সুকান্ত মজুমদারের অভিযোগের জবাবে শান্তনু সেন আরেকটি টুইট লেখেন। যেখানে তিনি উল্লেখ করেন, “রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। ও বরাবরই খুব মেধাবী। নিট পাস না করলে কেউ এমবিবিএস-এ ভরতি হতে পারে না।” মেয়ের তিনটি শংসাপত্র টুইটে জুড়ে দেন তৃণমূল সাংসদ। একই সাথে তিনি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে মনে করা হচ্ছে, এই ঘটনাটি ঘিরে ব্যাপক তরজা শুরু হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।




