খবর লাইভ : ঝালদা পুরসভার আস্থা ভোট হবে ২১ নভেম্বরই সাফ জানাল কলকাতা হাইকোর্ট । গত ৯ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পুরসভার কংগ্রেস কাউন্সিলররা । তাঁদের দাবি ছিল ২১ নভেম্বর নয়, ভোট যাতে আরও কিছুদিন এগিয়ে আনা যায়। এর আগেও ঝালদা পুরসভার আস্থা ভোট ২১ তারিখে হবে বলেই জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু তাতে সন্তুষ্ট হননি কংগ্রেস কাউন্সিলররা। কিন্তু সোমবার সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ বেফাঁস মন্তব্যর জের, অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে
কংগ্রেসের অভিযোগ, তাঁদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও পুরসভার বোর্ড চালাচ্ছে অন্য কোনও রাজনৈতিক দল। কিন্তু যেহেতু কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বেশি সেকারণেই তাঁদের দাবি মেনে ২১ নভেম্বরের আগেই আস্থা ভোটের অনুমতি দেওয়া হোক।
তবে এরই মধ্যে গত শুক্রবার ঝালদা পুরসভার বর্তমান চেয়ারম্যান সুদীপ কর্মকার কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের করেন। অভিযোগ, আস্থা ভোটের বিষয়ে তাঁর ক্ষমতা খর্ব করা হচ্ছে। তাঁকে স্বাধীনভাবে কোনও পদক্ষেপ নিতে দেওয়া হচ্ছে না। তবে হাইকোর্ট এদিন সাফ জানিয়ে দিয়েছে অন্য কোনও দিন নয়, আস্থা ভোট হবে ২১ নভেম্বরই। পাশাপাশি ভোটের দিন যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সেদিকে পুলিশ সুপারকে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।




