Special News Special Reports State

নিয়োগ দুর্নীতির কেন্দ্রস্থল অর্পিতার বিলাসবহুল ফ্ল্যাট, আলাদা নোটিশ দেবে ইডি

0
(0)

খবর লাইভ : পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বিলাসবহুল ফ্ল্যাটই ছিল বেআইনি নিয়োগের কেন্দ্রস্থল। রবিবার আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে, অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু সরকারি নথি মিলেছে যা সরকারি দফতরে থাকার কথা। তা ওই ফ্ল্যাটে এল কী করে?

এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে, এমনকি তৃণমূলের অন্দরেও। শুক্রবার সকাল থেকেই প্রাক্তণ শিক্ষামন্ত্রী তথা রাজ্যের বর্তমান পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর বাড়িতে একযোগে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন দুপুরেই ইডির কর্তারা অভিযান চালায় পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাটে। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার হয় ২১ কোটি ২০ লক্ষ টাকা, প্রচুর সোনা বৈদেশিক মুদ্রা ও নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি। শনিবার রাতেই গ্রেপ্তার করা হয় অর্পিতাকে। আগেই গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়।

রবিবার অর্পিতা মুখোপাধ্যায়কে তোলা হয় কলকাতা সিএমএম আদালতে। অর্পিতাকে তুলে ইডি-র দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ এই মডেল-অভিনেত্রী যথেষ্ট ‘প্রভাবশালী’। এসএসসি, প্রাথমিক টেট-এ নিয়োগ-দুর্নীতির অন্যতম চক্রী অর্পিতা। তার ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট আদপে নিয়োগ দূর্নীতির কেন্দ্রস্থল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অভিযোগ, অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে শিক্ষা দফতরের নিয়োগের বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে এসএসসি, গ্রুপ-ডি ও নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের নথি রয়েছে বলে আদালতে দাবি করেছে তদন্তকারি সংস্থা।

ইডির তরফে দাবি করা হয়েছে, ‘মিনিস্টার ইন-চার্জ এডুকেশন’ লেখা বেশ কয়েকটি খালি খামও উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ওই খামে করে বেআইনি নিয়োগের সুপারিশপত্র পাঠানো হয়েছিল মনে করছেন তাঁরা। এমনকি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের পূর্ণ তালিকা এবং পরীক্ষা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ সরকারি নথিও পাওয়া গিয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে বলে দাবি করা হয়েছে ইডির তরফে। এ দিন অর্পিতাকে এক দিনের জন্য ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আজ, সোমবার অর্পিতাকে সিবিআই ও ইডি-র বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।

রবিবার আদালতে ইডি-র আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘অর্পিতা অত্যন্ত প্রভাবশালী। মন্ত্রীর ঘনিষ্ঠ। তাঁর বাড়ি থেকে বেআইনি নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য-প্রমাণ, বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা এবং গয়না উদ্ধার হয়েছে। বেআইনি নিয়োগে অন্যতম চক্রী অর্পিতা।এই দুর্নীতি চক্রে আরও প্রভাবশালীরা জড়িত রয়েছেন বলে মনে করা হচ্ছে। ধৃতকে জেরা করে সেই সে সব তথ্য জানা প্রয়োজন। তাই ধৃতের পুলিশি হেফাজতের আবেদন করা হচ্ছে।’ অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য আদালতে বলেন, ‘অর্পিতা কোনভাবেই প্রভাবশালী নন, প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করছেন। সাক্ষ্য-প্রমাণ নষ্ট করার চেষ্টা করবেন না এবং পালিয়েও যাবেন না। তাঁর জামিন মঞ্জুর করা হোক।’ বিচারক দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরে এক দিনের জন্য অর্পিতাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এদিকে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ২১ কোটি টাকার পাশাপাশি মিলেছে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রাও। এই বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় অর্পিতার বিরুদ্ধে আলাদা একটি মামলাও করতে চলেছে ইডি বলে সূত্রের খবর। কোথা থেকে তিনি এত বিদেশি মুদ্রা পেলেন, তা জানতে চান তদন্তকারীরা। অর্পিতা অবশ্য এ দিন হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, ‘‘আইনের উপরে আস্থা রাখি। আইন আইনের পথে চলবে।’’ সেই সঙ্গে তাঁর দাবি, ‘আমি কোনও পার্টি করি না।’

এই মামলায় ইডি-র তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র এ দিন আদালতে দাবি করেন, অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় পার্থের অত্যন্ত ঘনিষ্ঠ। অর্পিতার ডায়মন্ড পার্কের ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল মন্ত্রীর। ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। শনিবার ইডি জানিয়েছিল, প্রায় সাড়ে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু, রবিবার সকালে তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, চূড়ান্ত গণনার পরে সেই অঙ্ক২১ কোটি ৯০ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। অর্পিতার কাছ থেকে একটি ছোট কালো ডায়েরি পাওয়া গিয়েছে। ওই‌ ডায়েরির ৩০টি পাতায় থাকা বহু তথ্য দুর্নীতি-তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে উঠে এসেছে বলেও আদালতকে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *