খবর লাইভ : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা জেরা করে ইডি। এদিন ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ইডি দফতরে হাজির হয়েছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট। তবে মধ্যাহ্নভোজের বিরতির পরেই ইডির তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এদিন সোনিয়াকে আর জেরা করা হবে না। তবে পরে আবার কবে কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে তা এখনো জানায়নি ইডি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখাতে পথে নামেন কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা। তারপরেই পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বেধে যায়। চলে লাঠি, জলকামান। পি চিদম্বরম, অজয় মাকেন-সহ কংগ্রেসের বেশ কয়েক জন নেতাকে আটক করে দিল্লি পুলিশ।
এ দিকে সোনিয়ার জিজ্ঞাসাবাদের ঘটনার প্রতিবাদে দিল্লিতে ও দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচি। এই দিন অসমে কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচির ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোনিয়া গান্ধীকে ইডির তলব নিয়ে সরব হয় বেশ কয়েকটি রাজনৈতিক দল।
কংগ্রেস সভানেত্রীকে ইডির তলব নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ সভাপতি অধীর চৌধূরী বলেন, কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্যই সোনিয়া গান্ধীকে ইডি তলব করেছে। এটা বিজেপির চক্রান্ত।




