খবর লাইভ : কয়লা পাচার-কাণ্ডে ইসিএল-র জেনারেল ম্যানেজার-সহ গ্রেফতার ৭। ধৃতদের মধ্যে ইসিএল-র বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে চার জিএম আছেন। তদন্তে কেন্দ্রীয় সংস্থা জানতে পেরেছে, কয়লা পাচার-কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা রাজনৈতিক প্রভাবশালীদের অর্থ জুগিয়েছে। সেভাবেই ইসিএল কর্তাদের অর্থ দিয়ে কয়লা পাচার করতেন লালা। এই টাকা প্রোটেকশন মানি হিসেবে দেওয়া হত।
আরও পড়ুনঃ পিএম-কেয়ার্স তহবিল নিয়ে দিল্লি হাইকোর্টের ভর্ৎসনা কেন্দ্রকে
বুধবার ধৃতদের গ্রেফতারির আগে ৭ জনকে ৭ ঘণ্টা জেরা করা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, সিবিআই তদন্তে জানতে পেরেছে অনুপ মাজি-সহ কয়লা মাফিয়াদের সঙ্গে গোপন আঁতাত ছিল ইসিএল কর্তাদের। এমনকি, প্রোটেকশন মানির জন্য কয়লা পাচারের সময় চোখ বন্ধ করে রাখতেন ইসিএল কর্তারা, তদন্তে জানতে পেরেছিল সিবিআই।
তাই এসব ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করলেও সদুত্তর দিতে পারেনি তাঁরা। তাই তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। এই সিদ্ধান্তের জন্যই এই গ্রেফতারি। বৃহস্পতিবার ধৃতদের আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, একটি লাল ডায়রি তদন্তাকারীরা অনুপ মাজির থেকে পেয়েছিল। সেখানেই সব তথ্য তুলে রাখতেন অভিযুক্ত। মূলত কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগেই এই গ্রেফতারি। এমনটাই সিবিআই সূত্রে খবর।
এবার ধৃতদের হেফাজতে নিয়ে আরও তথ্য অনুসন্ধান করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যারা কয়লার মতো সম্পদ রক্ষা করার দায়িত্বে ছিলেন, তাঁদের চোখের সামনে দিয়ে কীভাবে সেই সম্পদ পাচার হতো? এসব প্রশ্নের উত্তর খুঁজবে সিবিআই।




