খবর লাইভ: পশ্চিমবঙ্গে নতুন যুগের সূচনা করতে পারেন কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। কলকাতায় শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করলেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, “বাংলার মানুষ মোদীজিকে অভিবাদন জানিয়েছেন। ফুলবাগানের ৩৫ হাজার নিত্যযাত্রী এই মেট্রোর সুবিধা পাবেন।”
শিয়ালদা মেট্রো উদ্বোধন করে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী। বাংলা ভাষায় স্মৃতি ইরানি বলেন, “আমি বাংলার মেয়ে। বাগচি পরিবারের মেয়ে। যে সল্টলেক থেকে এই মেট্রো যাবে সেখানেই আমার দাদুর বাড়ি। আজ আমি খুব খুশি যে এই মেট্রো আমার দাদুর বাড়ি পর্যন্ত পৌঁছবে। আমি সেই পর্যন্ত টিকিট কেটে যাব।” আর গোটা বিষয়টির জন্য কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।
এদিনের উদ্বোধন অনুষ্ঠানে আগাগোড়াই স্মৃতি ইরানির মুখে শোনা গিয়েছে মোদী স্তূতি। স্মৃতি ইরানি বলেন, “বাংলায় মহিলা শিশুদের কল্যাণে ৮ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ৭২ লাখ মানুষ প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় সুবিধা পেয়েছেন।”



