খবর লাইভ :টেস্টের বদলা টি-২০ তে। জোড়া জয়ে টি-২০সিরিজ জিতল ভারত। কয়েকদিন আগে এই বার্মিংহ্যামেই পঞ্চম টেস্ট খুইয়েছে বুমরারা। শনিবার সেই মাঠেই ইংরেজদের টেক্কা দিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে গেল রোহিতের টিম ইন্ডিয়া। রবিবার শুধুই নিয়মরক্ষার ম্যাচ। এজবাস্টনে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিল ভারত। রান তাড়া করতে নেমে ১৭ ওভারে ১২১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তিন ওভার বাকি থাকতেই ৪৯ রানে জিতে যায় রোহিতরা। ইংল্যান্ডের মাটিতে পরপর বড় জয়। প্রথম টি-২০ ম্যাচে ৫০ রানে জেতার পর এদিনের জয়। মর্গ্যানের উত্তরসূরি হিসেবে শুরুটা শোচনীয়ভাবে হল জস বাটলারের। নেতৃত্বের ত্রুটির পাশাপাশি ব্যাটেও রান নেই। দুই ম্যাচে ইংল্যান্ডের নেতার সংগ্রহ মাত্র ৪ রান। অন্যদিকে করোনা মুক্ত হয়ে ফিরেই দুটো ম্যাচেই দলকে ভাল স্টার্ট দেন রোহিত। পাশাপাশি দুর্দান্ত নেতৃত্ব দিলেন। প্রত্যেক বোলারকে খুব ভালভাবে ব্যবহার করেন। বোলারদের দাপটে এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় টি-২০ জিতল ভারত।
এজবাস্টনের ইতিহাসে এর আগে পাঁচবারই প্রথমে ব্যাট করা দল জিতেছে। তাসত্ত্বেও টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। শুরুতেই চমক। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরার প্রত্যাবর্তনে দলে একাধিক পরিবর্তন হবে জনাই ছিল।




