খবর লাইভ : অমরনাথে দুর্যোগ। আচমকাই শুক্রবার মেঘভাঙা বৃষ্টি। অন্তত ২৫ টি শিবির জলের তোড়ে ভেসে গিয়েছে। এই মুহূর্তে বহু পুণ্যার্থীর খোঁজ মিলছে না। হতাহতের বিস্তারিত তথ্য এখনও মেলেনি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে। আপাতত অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রের খবর, প্রায় ১২ হাজার ভক্তের সমাগম ঘটেছিল এদিন। আচমকাই নামে মেঘভাঙা বৃষ্টি। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তুমুল বৃষ্টির ফলে অমরনাথ গুহার কাছে জল নেমে আসে।
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। নিখোঁজ অন্তত ৪০ জন। উদ্ধারকাজে নামানো হয়েছে আইটিবিকে। বায়ুসেনার হেলিক্পাটারও রাখা হয়েছে উদ্ধারকাজের জন্য। পুলিশের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বায়ুসেনার হেলিকপ্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জম্মু-কাশ্মীরের পুলিশের আইজি বিজয় কুমার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আইটিবিপির এক কর্তা জানান, আপাতাত অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকাল ফের যাত্রা শুরু হবে।




