খবর লাইভ : সরিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা ডাইরেক্টর সিকিউরিটি বিবেক সহায়কে।
তাঁর জায়গায় এলেন পিযুষ পাণ্ডে। বুধবার এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। পিযুষ পাণ্ডে এইমুহুর্তে কারা বিভাগের অতিরিক্ত মহা নির্দেশক পদে আছেন। সম্প্র্রতি নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে এক ব্যক্তি ঢুকে পড়ে।
আরও পড়ুনঃ যা বলেছি বিজেপির ক্ষমতা থাকলে হলফনামা দিয়ে ভুল প্রমাণ করুক: মহুয়া মৈত্র
রাতভর মুখ্যমন্ত্রীর বাড়িতে লুকিয়ে থাকার পর ভোরে তাকে দেখতে পান মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। যা নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায় রাজ্যজুড়ে। নিরাপত্তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর বাড়ি ছোটেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্য সিনিয়র আধিকারিকরা। নবান্নে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। বুধবার বদলি করা হয় ডাইরেক্টর সিকিউরিটি বিবেক সহায়কে।
তাঁকে ডিজিপি প্রভিশনিং করা হয়েছে। একইসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অতিরিক্ত ডাইরেক্টর সিকিউরিটি পদে নিয়োগ করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার রাজেশ যাদব হলেন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হচ্ছেন অজয় ঠাকুর। এদিন আইপিএস স্তরে আরও বেশ কয়েকটি রদবদল করা হয়েছে।




