খবর লাইভ : আক্রমণই রক্ষণের শ্রেষ্ঠ উপায়। আন্তর্জাতিক বাণিজ্যে চিনের আগ্রাসন ঠেকাতে এবার সক্রিয় হল ন্যাটোর দুই গুরুত্বপূর্ণ সদস্য দেশ আমেরিকা ও ব্রিটেন। তাদের অভিযোগ চিন ধারাবাহিকভাবে আমেরিকা ও ব্রিটেনের অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার জন্য গভীর দীর্ঘমেয়াদী বিপদ সৃষ্টি করছে। আমেরিকা ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং এমআই ৫ যৌথভাবে সম্ভাব্য চিনা বিপদ সম্পর্কে বাণিজ্য সংস্থা এবং বণিক সংগঠনগুলিকে সতর্ক করেছে। এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার রে এবং এমআই ৫ এর প্রধান জেনারেল কেন ম্যাকালাম বুধবার এক যৌথ সাংবাদিক বৈঠকে এমনই বিবৃতি দিয়েছেন। বিশ্বের দুই প্রথম সারির গোয়েন্দা সংস্থার প্রধানদের এমন যৌথ সাংবাদিক বৈঠক সাম্প্রতিক কালে ‘নজিরবিহীন’।
আরও পড়ুনঃ কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে ‘অর্থনৈতিকভাবে ব্লক’ করার গুরুতর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী
ওয়েস্টমিনিস্টারের টেমস হাউসে আয়োজিত এক কর্মসূচিতে রে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি চিন সরকার ধারাবাহিকভাবে আমাদের অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গভীর দীর্ঘমেয়াদি বিপদ সৃষ্টি করেছে। এখন বিষয়টি আমরা দু’দেশ মিলে (আমেরিকা এবং ব্রিটেন) ইউরোপ এবং বিশ্বের অন্য মিত্র দেশগুলিকে বোঝানোর চেষ্টা করছি।’ এফবিআই প্রধান বেজিংয়ের এই অনৈতিক আগ্রাসনের জন্য শি চিনফিং সরকার এবং চিনের কমিউনিস্ট পার্টিকেই দোষারোপ করেছেন। তাঁর কথায়, আমরা চিনের জনগণকে নিশানা করতে চাই না। তাঁরা নিজেরাই নানা অনিয়ম এবং নিপীড়নের শিকার। আমেরিকা এবং ইউরোপের শিল্প ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে তিনি বলেন, ‘যে কোনও সময় আপনাদের প্রযুক্তি চুরি হতে পারে।’ আর একদিকে ব্রিটিশ গোয়েন্দা প্রধান যৌথ সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, কমিউনিস্ট পার্টি পরিচালিত একদলীয় চিনের শাসকেরা আমেরিকা এবং ইউরোপের গণতান্ত্রিক কাঠামো এবং মুক্ত সংবাদমাধ্যমের সুযোগ নিয়ে অনৈতিক ভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে তৎপর।



