খবর লাইভ : সোনিয়া গান্ধীর পার্সোনাল সেক্রেটারি বা আপ্ত-সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সোমবার এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে দিল্লি পুলিশ। পুলিশের বিবৃতিতে জানা গিয়েছে, দিল্লির উত্তমনগর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫০৬ নম্বর ধারায় একটি এফআইআর করা হয়েছে। গত জুন মাসের ২৫ তারিখে পুলিশের কাছে এই অভিযোগ জমা পড়েছে বলে পুলিশ জানিয়েছেন। পিপি মাধবন, সোনিয়ার আপ্ত সহায়ক। ৭১ বছরের এই মানুষটি দীর্ঘদিন ধরে সোনিয়ার সঙ্গে কাজ করছেন।
আরও পড়ুনঃ Morning news : সকালের একঝলক
যদিও অভিযোগ দায়ের হওয়ার পর এর সম্পূর্ণ দায় অস্বীকার করেছেন মাধবন। তিনি বলেছেন, এটি একটি ষড়যন্ত্র এবং এই অভিযোগের কোনও ভিত্তি নেই। যে অভিযোগ উত্তমনগর থানায় দায়ের হয়েছে, তাতে অভিযোগকারীর দাবি, চাকরি দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করেছেন মাধবন। পাশাপাশি, অভিযোগকারী ওই মহিলা বলেছেন, তাঁকে বিয়েরও প্রস্তাব দিয়েছিলেন মাধবান, কিন্তু তিনি তা মানেন নি। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, অভিযোগকারী মহিলার স্বামী গত ২০২০ সালে প্রয়াত হয়েছিলেন, তিনি কংগ্রেসের দিল্লির অফিসেই কাজ করতেন।




