খবর লাইভ : গরফায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ। অন্যদিকে, বালিগঞ্জ-ঢাকুরিয়ার(Baliganj-Dhakuria) মাঝে রেললাইনের ধারে ওই ফ্ল্যাট-মালিকের দেহও মিলেছে। পরপর দু’টি দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম শান্তি সিংহ এবং ওই ব্যক্তির নাম গোবর্ধন শেঠ। গোবর্ধনের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে শান্তির দেহ। অনেকদিন ধরেই শান্তি পরিচিত ছিলেন গোবর্ধনের। ওই ফ্ল্যাটে নিয়মিত আসা-যাওয়া করতেন শান্তি। মঙ্গলবার গোবর্ধনই ফোন করে শান্তির বোন মুন্নিকে তাঁর দিদির মৃত্যু খবর জানান। তিনি নিজেই শান্তিকে খুন করেছেন বলে জানিয়েছেন মুন্নিকে। এরপর তড়িঘড়ি গরফায় গিয়ে পুলিশে খবর দেন মুন্নি। ফ্ল্যাট থেকে শান্তির দেহ উদ্ধার হয়। সেই সময় গোবর্ধনের মোবাইল থেকে মুন্নির মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনে রেলপুলিশ জানায় যে, বালিগঞ্জ-ঢাকুরিয়ার মাঝে লাইনের ধারে গোবর্ধনের দেহ মিলেছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শান্তি ও গোবর্ধনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শান্তিকে শ্বাসরোধ করে খুন করার পর গোবর্ধন আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




