খবর লাইভ : গ্রীষ্মের দুপুরে চড়া রোদে খোলা ছাদে একলা পড়ে ছটফট করছে একরত্তি একটি মেয়ে।দড়িতে আঁটোসাঁটো করে বাঁধা হাত-পা। বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করেও কিছুতেই পেরে উঠছে না।নেটমাধ্যমে ২৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে বাচ্চাটির নিদারুণ অবস্থা দেখে অনেকেই শিউরে উঠেছেন।বুধবার এমন ছবিই ভাইরাল হয়েছে।
অবশেষে নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, ওই ভিডিয়োটি খজুরি খাস এলাকায় তোলা হয়েছে। শুরু হয় খোঁজখবর। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আরও শিউরে ওঠার মতো তথ্য জোগাড় করে পুলিশ। পাঁচ বছরের ওই মেয়েটিকে শাস্তি দিয়েছিলেন তারই মা!
মহিলা দাবি করেছেন, স্কুলের পড়াশোনা করেনি বলে মেয়েকে মাত্র ৫-৭ মিনিটের জন্য ছাদের কড়া রোদে ফেলে রেখে দিয়েছিলেন। মেয়েকে শাস্তি দিতেই এমন করেছেন বলে স্বীকার করেছেন ওই মহিলা। নেটব্যবহারকারীদের একাংশ দাবি তুলেছেন, এই অমানবিক আচরণের জন্য শিশুর মাকেও হাত-পা বেঁধে চড়া রোদে ফেলা রাখা হোক!




