খবর লাইভ: পাহাড়ে নতুন শক্তির উদয়। মাত্র তিন মাসের শিশু হামরো পার্টির দখলে দার্জিলিং। মোট ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে অজয় এডওয়ার্ডের দল। পাহাড়ে নতুন শক্তির উত্থান হওয়ায় বিমল গুরুং কিংবা অনীত থাপাদের অস্তিত্বও বিপন্ন হতে চলা নিয়ে উঠছে প্রশ্ন।
২০২১ সালের ২৫ নভেম্বর হামরো পার্টির জন্ম হয়। পাহাড়ের রাজনীতিতে নতুন সংযোজন নিয়ে আসে বিখ্যাত গ্লেনারিস রেস্তরাঁর কর্তা অজয়। ফল ঘোষণার ঠিক ৯২ দিন আগে মিরিকে জন্ম নেওয়া দল যে এমন সাফল্য দেখাবে, তা হয়তো ভাবতেও পারেনি শৈলশহর। হামরো প্রধান অজয় শৈলশহরে অবশ্য পরিচিত মুখ। অজয় গ্লেনারিজ রেস্তোরাঁর কর্তা হিসেবে যথেষ্ট পরিচিত। রাজনীতি করতেন। এক সময় জিএনএলএফ-এর দার্জিলিং শাখার সভাপতিও ছিলেন। জানা যায়, মন ঘিসিং–এর সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় অজয় দল ছেড়ে দেন।
বুধবার সকালে গণনা শুরুর পর থেকেই খবর আসতে শুরু করে একটির পর একটি ওয়ার্ডে এগিয়ে যাচ্ছে নবাগত হামরো। এই পুরসভায় তৃণমূল প্রার্থী দিয়েছিল ১০টি ওয়ার্ডে। বিজেপি ৯টি এবং সিপিএম ২টি আসনে প্রার্থী দেয়। এর পরে হিসেবে ছিল অন্যান্যদের প্রার্থী সংখ্যা ৩৬। আসলে সেই অন্যান্যদের মধ্যে রাজনৈতিক মহলের কাছে ‘আন্ডারডগ’ হামরো পার্টির ছিল ৩২ জন প্রার্থী। আর তার মধ্যে ১৮ জনের জয় ছিনিয়ে নিয়ে দার্জিলিং পুরসভার দখল নিল হামরো।




