খবর লাইভ: পুরভোটে সন্ত্রাস, হিংসার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিল বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে সোমবার অর্ধদিবস বন্ধ। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। অভিযোগ, রাজ্যের ১০৮ পুরসভার ভোটে লাগামহীন হিংসা চালিয়েছে শাসকদল। তার প্রতিবাদেই সোমবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হল গেরুা শিবিরের তরফে। অন্যদিকে, নির্বাচন পরবর্তীতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকালে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রবিবার বিকেলে ভোটশেষের মুখে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। মুখপাত্র শমীক ভট্টাচার্যর কথায়, পুরসভা ভোটে বিভিন্ন জেলা থেকে ২২৭ টি অভিযোগ জমা পড়েছে তাদের দপ্তরে। এমনকী রাজ্য সভাপতিও দুষ্কৃতীদের তাড়া করে অশান্তি রুখেছেন বলে দাবি। যা নজিরবিহীন। এই হিংসার প্রতিবাদেই সোমবার ১২ ঘণ্টার বন্ধ ডাকা হয়েছে তাদের তরফে। এই পুরসভাগুলিতে পুনর্নির্বাচনের (Repoll) দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে তারা চিঠি লিখেছে বলেও খবর।
BJP-র ডাকা এই বনধ প্রত্যাখ্যান করবেন সাধারণ মানুষ মতামত তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। তিনি বলেন, “বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। কিন্তু, সেখানেও ‘গোহারা হেরেছিল’ BJP। যাঁদের চারটে লোক নেই, প্রার্থী দিতে পারে না, তাঁরা ছুতো খুঁজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাঁদের সঙ্গে মানুষের কোনও যোগ নেই। মানুষ এই বনধ প্রত্যাখ্যান করবেন।” তিনি আরও বলেন, “বাম আমলে এই ধরনের বনধ সংস্কৃতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কাজে গতি এসেছে। মানুষ বনধে বিশ্বাস করে না। এই বনধ প্রত্যাখ্যাত হবে।”



