National Special News Special Reports

বাংলার বাইরে আট রাজ্যের দায়িত্বে দিলীপ, চাঞ্চল্য গেরুয়া শিবিরের অন্দরে

0
(0)

 

খবর লাইভ  : রাজ্য রাজনীতি থেকে দূরত্ব বেড়ে গেল দিলীপ ঘোষের। এ বার বাংলা ছেড়ে অন্য আট রাজ্যের সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। তবে দিলীপের এই দায়িত্ববৃদ্ধি রাজনৈতিক উত্থান না কি বাংলা থেকে অপসারণ তা নিয়ে জল্পনা রয়েছে রাজ্য বিজেপিতে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে বিজেপি। আর সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও উত্তর-পূর্বের চার রাজ্য মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার সংগঠন বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

বাংলায় বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি। তার পরে মেয়াদ শেষ হওয়ার আগেই আচমকা দিলীপকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বরেই তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়। কিন্তু তার পরেও নির্দিষ্ট করে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। বাংলাতে তো নয়ই, দেশের অন্য কোনও রাজ্যেও নয়। দীর্ঘ সময় দিলীপ নিজের মতো করে রাজ্যে কাজ করেছেন। তবে ক্রমশই তাঁর সঙ্গে রাজ্য নেতৃত্বের দূরত্ব বাড়ছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে তাঁর করা বিভিন্ন মন্তব্য থেকে বিতর্কও তৈরি হয়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে রাজ্য বিজেপির শাসক শিবির যেমন বিভিন্ন সময় কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ করেছেন তেমন জেপি নড্ডা, অমিত শাহেরাও অসন্তুষ্ট ছিলেন। মে মাসের গোড়ায় রাজ্যে এসে শাহ রাজ্যের প্রধান নেতাদের নিয়ে যে বৈঠক করেন তাতেও দিলীপকে ডাকেননি। এই পরিস্থিতিতে দিলীপকে আট রাজ্যের সাংগঠনিক দায়িত্ব দেওয়াকে অনেকেই তাঁকে রাজ্য থেকে সরিয়ে দেওয়া বলে ব্যাখ্যা করছেন। তবে রাজ্য বিজেপির অনেক নেতারই দাবি, সর্বভারতীয় বিজেপিতে অনেক সহ-সভাপতি রয়েছেন। তাঁদের মধ্যে দিলীপকে বাছা হয়েছে যোগ্যতার নিরিখেই। এটাকে রাজনৈতিক উত্থান হিসেবে দাবি করে তাঁরা মুকুল রায়ের তুলনা টানছেন। তাঁদের বক্তব্য, তৃণমূলে ফেরার আগে দীর্ঘ দিন সর্বভারতীয় সহ-সভাপতি থাকলেও মুকুলকে কোনও দায়িত্বই দেননি কেন্দ্রীয় নেতৃত্ব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *