খবর লাইভ : হিজাব বিতর্ক নিয়ে ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের বিদেশ মন্ত্রকের। বুধবার রাতে পাকিস্তানি বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়, ইসলামাবাদে ভারতের চার্জ দা’ফেয়ারকে ডেকে পাঠিয়ে কর্নাটকের সাম্প্রতিক হিজাব-নিষেধাজ্ঞা প্রসঙ্গে ‘অসন্তোষ’ প্রকাশ করা হয়েছে।
কর্নাটকের ক্লাসে হিজাব পরা নিয়ে বিতর্ক প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের কূটনৈতিকর সম্পর্কে প্রভাব ফেলতে পারে, ঘনিষ্ঠ মহলে এই আশঙ্কা প্রকাশ করছিলেন সাউথ ব্লকের কর্তারা। সেই আশঙ্কা সত্য প্রমাণিত করে ইতিমধ্যেই ভারতের সমালোচনায় সরব হয়েছেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
তিনি টুইট করেন— ‘‘ভারত আসলে মুসলিমদের কোণঠাসা করে রাখতে চাইছে। সারা বিশ্বকে এটা বুঝতে হবে।’’ পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেনও বলেন, ভারতে হিজাব নিয়ে যা যা হচ্ছে, তা ভয়ের। তাঁর কথায়, ‘‘হিজাব পরা কারও ব্যক্তিগত বিষয়। স্বাধীন দেশের নাগরিকদের সেই অধিকার দিতে হবে।’’




