খবর লাইভ: প্রার্থী তালিকায় নাম নেই অথচ বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থী হিসেবে পুরনির্বাচনে মনোনয়ন জমা পড়ছে। তৃণমূলের অন্দরে বিভিন্ন জায়গা থেকে এই খবর মিলেছে। এই পরিস্থিতিতে কড়া ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে দল।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন, দলীয় নেতৃত্বের সই করা যে তালিকা জেলাগুলিতে পাঠানো হয়েছে, সেটিকেই মানতে হবে। তা সত্ত্বেও ওই তালিকার বাইরে থেকে মনোনয়ন জমা পড়ছে। এই ঘটনা কানে গেছে দলের শীর্ষ নেতৃত্বের। দলের এক শীর্ষনেতার কথায়, “এমন ঘটনা ঘটলে একে সরাসরি তৃণমূলনেত্রীর নির্দেশের অবমাননা বলে ধরে নিতে হবে। সেক্ষেত্রে দলে অনুশাসন বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
বুধবার মনোনয়ন জমার শেষ দিন। তার আগে মঙ্গলবার দিনভর গোটা রাজ্যেই প্রার্থী তালিকা নিয়ে দলে বিক্ষোভ দেখা গিয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বহু জায়গায় পথ অবরোধ, টায়ার জ্বেলে বিক্ষোভ দেখিয়েছেন ক্ষুব্ধ দলীয় কর্মী- সমর্থকেরা।




