খবর লাইভ: কর্নাটক ছাড়াও হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ছে বিজেপি শাসিত আরও এক রাজ্য মধ্যপ্রদেশে। হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে পুদুচেরিতেও।
গত মাসে কর্নাটকের উদুপির একটি কলেজে হিজাব পরিহিত পড়ুয়াদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিজাব বাতিলের দাবি জানায়। শুরু হয় ব্যাপক গোলমাল। পরিস্থিতি চরমে পৌঁছলে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই তিন দিন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন। কর্নাটক হাই কোর্টেও এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে বুধবার।
এবার হিজাব বিতর্ক প্রবেশ করল মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে। স্কুল, কলেজে হিজাব নিষিদ্ধ করার পক্ষে সায় দিয়েছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। নিজের রাজ্যেও এই নিয়ম চালু হতে পারে, দিয়েছেন এমন ইঙ্গিতও। পারমার বলেন, “হিজাব স্কুল ইউনিফর্মের অঙ্গ নয়। তাই স্কুলে এটা পরা নিষিদ্ধ হওয়া উচিত। ঐতিহ্য মানুন বাড়িতে, স্কুলে নয়। এটা শৃঙ্খলার প্রশ্ন। কড়া অভিন্ন পোশাক বিধি আনছি আমরা।”
এই সংক্রান্ত অভিযোগ উঠেছে পুদুচেরিতেও। সেখানে এক শিক্ষকের বিরুদ্ধে হিজাব পরিহিতদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগ উঠেছে।




