Special News Sports

স‍ুইসদের হারিয়ে সেমিতে স্পেন

0
(0)

খবর লাইভ : নাহ, এবার আর অঘটন হল না। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের মতো এবার আর টাইব্রেকার ভাগ্য পক্ষে এলো না। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সুইসদের হৃদয় এফোঁড়-ওফোঁড় করলো ওয়ারজাবালের নেওয়া শেষ শটটা! লাল জার্সিটা যেন আরও রক্তাক্ত হল, গ্যালারি ছাড়িয়ে সুইসদের ডুকরে কেঁদে ওঠার শব্দ নিশ্চয়ই সুইৎজারল্যান্ডের অলিগলিতে পৌঁছে গেছে ততক্ষণে।
সুইস গোলকিপার ইয়ান সমার যেন রূপকথা থেকে উঠে আসা কোনও যুদ্ধবিজয়ী সেনাপতি। বুক চিতিয়ে দলকে রক্ষা করছিলেন একার হাতে। স্প্যানিশদের একের পর এক আক্রমণ তাঁর কাছে নস্যি হয়ে যাচ্ছিল। তবুও হল না!
ওদিকে স্প্যানিশ শিবিরে বুনো উল্লাস। গলায় আটকে থাকা শ্বাস এতক্ষণে ছাড়তে পারলেন কোচ লুই এনরিকে। বুসকেটসের নেওয়া প্রথম শটটা মিস হওয়ার পর থেকে কপালে যে ঘাম জমতে শুরু করেছিল, সেটি মুছে গিয়ে গায়ে লাগলো একপশলা হিমেল বাতাস। বিজয়ের সুখ বুঝি এমনই!
৮ মিনিটে একটা আত্মঘাতী ভুল করে বসলেন জাকারিয়া, সেখান থেকে সুইজারল্যান্ড বেরিয়ে আসতে লাগে আরও পাক্কা ১ ঘণ্টা। ৬৮ মিনিটে জার্দান শাকিরির গোলটা যে কতটা প্রশান্তির ছিল, দলটার দিকে তাকালেই টের পাওয়া যাচ্ছিল।
১-১ সমতায় থাকা ম্যাচে প্রাণের কমতি ছিল না। তবে ৭৭ মিনিটে ফ্রেউলারকে দেওয়া রেফারির লাল কার্ডটা বেশ বিতর্কের জোগান দিয়েছে। তবু হাল ছাড়েনি ওরা। থামেনি স্প্যানিয়ার্ডরাও। একটা মাত্র গোলের জন্য কী প্রাণপন চেষ্টা ওদের!
এখানে একটা পরিসংখ্যান টানা যাক। সুইৎজারল্যান্ডের গোলমুখে ২৮টি শট নিয়েছে স্পেন। এর মধ্যে ১০টি ছিল গোলপোস্টে! অথচ একটিমাত্র গোল, যেটি হল আত্মঘাতী।
এখান থেকে দুটো বিষয় পরিষ্কার। একটা গোলের জন্য স্প্যানিশদের মরিয়া চেষ্টা। আর ১০ জনে পরিণত হওয়া সুইসদের বুক চিতিয়ে লড়াই। অবশ্য সুইসদের হয়ে লড়াইটা নিজের দুই গ্লাভসে সামলেছেন গোলকিপার ইয়ান সমার। একের পর এক স্প্যানিশ গোলা ঠেকিয়ে দিয়েছেন তিনি। বলা চলে তাঁর কাছেই অসহায় হয়ে পড়ে এনরিকে বাহিনী।
তারপর? তারপর অতিরিক্ত ৩০ মিনিট হয়ে পেনাল্টি শ্যুটআউট। সেখানেও সমার কম যাননি। দুটি শট ঠেকিয়ে দিয়েছিলেন। ওদিকে উনাই সিমনও বাঁচান দুটি শট। একটি বল যায় বারের ওপর দিয়ে। কিন্তু ওয়ারজাবালের শেষ শটটা আর ঠেকাতে পারেননি সমার।
সব চেষ্টা-যুদ্ধ শেষ ওখানেই। আর হল না। হল না টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের দেশের প্রথমবারের মতো ইউরোর সেমিফাইনালে ওঠা। হল না ইতিহাস লেখা।
এতটা পথ যুদ্ধ করে খালি হাতে ফেরার নামই হয়তো বাস্তবতা। সে বাস্তবতা যে কতটা কঠিন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন শাকিরি, ঝাকারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *