খবর লাইভ : ফের জাঁকিয়ে ঠাণ্ডা পড়ল কলকাতায়। আরও বেশ কয়েকদিন এই ঠাণ্ডার আমেজ থাকবে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় রবিবার ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ ও সর্বনিম্ন ৪৪ শতাংশ। গত তিন-চার দিন থেকেই তাপমাত্রার এই হ্রাস বৃদ্ধি অব্যাহত। শুক্রবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা এক ধাক্কায় বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ফের তাপমাত্রার পরিমাণ কমে। ফের ৩ ডিগ্রি তাপমাত্রা কমে এদিন কলকাতার তাপমাত্রা পৌঁছে যায় ১২ ডিগ্রিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত এই শীতের আমেজ থাকবে। শুধু কলকাতা নয়, সারা রাজ্যে এই শীতের আমেজ বজায় থাকতে পারে।



