Special News Special Reports State

মহিলা পুলিশ হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন?, মাত্র ৩০ মিনিটেই রণেভঙ্গ শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : মহিলা পুলিশ হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন?, মাত্র ৩০ মিনিটেই থামলেন শুভেন্দু।পিটিএস মোড়ে শুভেন্দুকে তোলা হল পুলিশের গাড়িতে।

নবান্ন তো বহু দূর,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নদীই পেরোতে দিচ্ছে না পুলিশ। পিটিএস-এই শুভেন্দুকে আটকে দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা শুভেন্দুর। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিরোধী দলনেতার। হাইকোর্টের যাওয়ার হুমকি দিলেন শুভেন্দু। বেলা ১২.৪৫ মিনিটেই শুভেন্দু অধিকারীকে তোলা হয় পুলিশের গাড়িতে। আটক করা হয় লকেট চট্টোপাধ্যায়কেও।

আরও পড়ুনঃ নবান্ন অভিযান: আটক শুভেন্দু-লকেট-রাহুল

সকাল থেকে বেহালাতেই ছিলেন শুভেন্দু। সাড়ে বারোটা নাগাদ তিনি সাঁতরাগাছি যাওয়ার চেষ্টা করেন। কিছুটা এগোতেই তাঁকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে চরম বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। পুলিশকে তিনি বলতে থাকেন, বাইকে তাঁকে যেন সাঁতরাগাছি পৌঁছে দেওয়া হয়। পুলিশের তরফে তাঁকে বলা হয়, মা উড়ালপুল হয়ে যেতে। তখন শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘আপনারা তো অঙ্কুরগাছি আটকে রেখেছেন…’ পুলিশের সঙ্গে যখন তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন শুভেন্দু, তখনই দেখা যায় পিটিএস- ব্যারিকেড করে দেয় পুলিশ।

এরপর ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন শুভেন্দু-লকেট। ‘মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়’ স্লোগান দিতে থাকেন। পুলিশ বনাম রাজ্যের বিরোধী দলনেতার তর্কবিতর্ক আরও জমাট বাঁধে। পুলিশকে শুভেন্দু বলতে থাকেন, ‘আপনারা কি ইয়ার্কি করছেন? আমাকে এখানে কেন আটকালেন? আমাকে সাঁতরাগাছি যেতে দিন।” এরই মধ্যে লকেট চট্টোপাধ্যায়কে গাড়িতে তোলেন এক মহিলা পুলিশ কর্মী। তিনি শুভেন্দুকে গাড়িতে তোলার চেষ্টা করলে, শুভেন্দু বলেন, “একজন মহিলা পুলিশ কর্মী হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না।”

কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছন ডিসি সাউথ আকাশ মেগারিয়া। তাঁর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। ১২.৪৫ মিনিট। শুভেন্দুর মিছিল শুরু হওয়ার আগেই শেষ! তাঁকে তোলা হল পুলিশের গাড়িতে। প্রিজন ভ্যানে উঠে ক্ষোভ উগরে দেন তিনি। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন।
প্রিজন ভ্যানের ভিতর থেকেই শুভেন্দু বলেন, “লেডি কনস্টেবল দিয়ে ধাক্কা মারছে। সূর্যপ্রসাদ যাদব, আকাশ মেঘারিয়া, জ্ঞানবন্ত সিং… জ্ঞানবন্ত সিং দাঁড়িয়ে থেকে করেছেন। কয়লা কেসে রয়েছেন। বিরোধী দলনেতার সঙ্গে কী আচরণ করছেন! ”
তাঁর একাধিকবার অভিযোগ, লেডি পুলিশ কনস্টেবলরা তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *