খবর লাইভ : দিল্লির সিঙ্ঘু ও তিকরি সীমান্তে ব্যারিকেড ভেঙে নির্ধারিত সময়ের আগেই মিছিল শুরু করে দিলেন কৃষকরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ব্যারিকেড ভেঙে আউটার রিং রোডের দিকে এগিয়ে যান কৃষকরা। নিরাপত্তা বাহিনীর লোকেরা আন্দোলনরত কৃষকদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের কথা শোনেনি কৃষকরা। ব্যারিকেড ভাঙলেও এদিন পুলিশের ওপর পুষ্প বর্ষন করতে দেখা যায় কৃষকদের। সোমবার কিষাণ মজদুর সমন্বয় কমিটি জানিয়ে দিয়েছিল, দিল্লির ব্যস্ততম আউটার রিং রোডে বিক্ষোভ দেখানো হবে। সেই মতোই এদিন এই রোডে অভিযান করার পরিকল্পনা করেন কৃষকরা। সংগঠনের সভাপতি সতনম সিং পান্নু জানিয়েছেন, ‘পুলিশের নির্ধারিত রুট মেনে তাঁরা মিছিল করবেন না। আউটার রিং রোডে আমরা ট্রাক্টর মিছিল করব। ব্যারিকেড সরিয়ে নেওয়ার জন্য দিল্লি পুলিশকে ৪৫ মিনিট সময় দিয়েছিলাম।’ ইতিমধ্যে এই মিছিলের জন্য দিল্লির বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার দিলীপ যাদব জানিয়েছেন, গাজিপুর সীমান্তে মিছিলের ওপর নজরদারির জন্য ড্রোনের ব্যবহার করা হচ্ছে। এখানেও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলেন কৃষকরা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়।
এদিকে ১ ফেব্রুয়ারি মেগা র্যালির ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। পায়ে হেঁটে সংসদ ভবন অভিযান করবেন তাঁরা। বাজেট পেশের দিন কৃষকদের এই প্রতিবাদ রাজধানীর বুকে উত্তেজনা বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের।



