Special News Special Reports State

কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ  : বয়স্কদের জন্য বাড়িতে গিয়ে শুনানির দাবি তুলেছে শাসক দল। এবার কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে সেই শুনানি করা হবে, সেই সিদ্ধান্তের কথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দিল, যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, সন্তানসম্ভবা এবং ৮৫ বছরের বেশি বয়স যাঁদের, সেই সব ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি করা হবে। তবে পঁচাশি বছরের নীচে যাঁদের বয়স, তাঁদের শুনানির জন্য আসতে হবে।

এরই  পাশাপাশি , প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বাড়িতে শুনানি হবে । এই বিষয়ে জাতীয় কমিশনের সঙ্গে আলোচনা করবে রাজ্য। প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলও-কে জানিয়ে বাড়িতে শুনানির জন্য আবেদন করতে হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়িতে শুনানির বিষয়টি নিশ্চিত করতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কথা বলবেন সিইও।

এমনকি, মাইক্রো অবজারভার নিয়ে কটাক্ষের জবাব কমিশনের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সাংবাদিক বৈঠকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কটাক্ষ করেন এবং একাধিক অভিযোগ তোলেন। তার জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, যে রাজ্যে যেমন প্রয়োজন হবে, পরিস্থিতি অনুযায়ী সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নোটিশ পাওয়ার অন্তত পাঁচ দিন পর শুনানি অনুষ্ঠিত হবে, এবং তা হবে নিজ নিজ বিধানসভা কেন্দ্রে নির্দেশিকা অনুযায়ী। কোনও জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট ভোটাররা ডিইও (জেলাশাসক) বা সিইও দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

তবে নাম সংশোধনের জন্য শুনানির প্রয়োজন নেই। যাঁদের নামের বানান বা তথ্যে সামান্য ভুল রয়েছে, তাঁদের শুনানিতে আসার প্রয়োজন নেই। এই সংশোধনের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ডিইও তথা জেলাশাসকের ওপর। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই মর্মে প্রত্যেক জেলার ডিইও-দের লিখিত নির্দেশ পাঠিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *