খবর লাইভ : ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসক বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ডা. জাহিদ হোসেন বলেন, “কোনও বলা যায় না যে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি এখন একটি সংকটজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবরকম ভাবে চেষ্টা করছি”। শনিবার রাত সাড়ে ১২টার সময় কোনও পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের সামনে এই প্রেস ব্রিফিং করেন ডা. জাহিদ হোসেন। তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সেই কারণেই প্রথমে তাঁকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। এই বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ চিকিৎসক ডা. জুবাইদা রহমানও।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খালেদা জিয়া একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার কারণে তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।নিয়মিত বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিএনপির তরফে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে বিমানযাত্রা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলে আপাতত দেশেই তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।




