Special News Special Reports State

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা পুলিশ

0
(0)

খবর লাইভ : আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ৷ কিছুক্ষণ আগেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷ একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ ৷ আরজি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছায় ৷

গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷
আর জি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বার বারই অভিযোগ তুলছেন আন্দোলনরত চিকিৎসকরা৷ যদিও এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করতে পেরেছে কলকাতা পুলিশ ৷ জানা গিয়েছে, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা৷ আর জি কর কাণ্ডে রহস্যের জট সিবিআই ভেদ করতে পারে কি না, সেটাই এখন দেখার৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *