খবর লাইভ : বাংলায় বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তাই স্বাভাবিক নিয়মেই সংসদের অধিবেশনেও উঠে আসছে বাংলার কথা। বুধবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় শাহের বাংলার সীমান্তের প্রসঙ্গে রাজ্যের দিকে অনুপ্রবেশকারী তোষণের অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি, ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের’ স্বপ্ন খুব শীঘ্রই পূর্ণ হবে বলেই বার্তা দিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সীমান্ত হয়ে এদেশে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। আমাদের বাংলাদেশের সঙ্গে মোট ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫৩ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শেষ। কিন্তু ৫৬৩ কিলোমিটার এখনও বাকি। অসম, ত্রিপুরায় কাজ শেষ। শুধু বাংলা এখনও বাকি।
তাঁর দাবি, রাহুলের মতো অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করলে তৃণমূলেরও ওদের মতোই অবস্থা হবে। বিজেপি জয় ছিনিয়ে নেবে। যদিও তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের দাবি, এরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী। উনি তো জানেন না। সেই ১৯৪৬ সাল থেকে এ রাজ্যে শরণার্থী এসেছেন এবং আসছেন।
অবশ্য শুধু অনুপ্রবেশ ইস্যুতেই থেমে থাকেননি শাহ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে আলোচনায় রাজ্য থেকে তৃণমূলকে ‘সাফ’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের কথায়, এসআইআর বিরোধিতা করলে বিহারের মতো বাংলা-তামিলনাড়ুতেও সাফ হয়ে যাবে।




