National Special News Special Reports

সেবির জালে জনপ্রিয় শেয়ার বাজার ইনফ্লুয়েন্সার, ৬০১ কোটি টাকা ফেরতের নির্দেশ

0
(0)

খবর লাইভ : অবধূত সাঠে নিজের ট্রেনিং অ্যাকাডেমির মাধ্যমে শেয়ার বাজার সংক্রান্ত উপদেশ, স্টক টিপস এবং মার্কেট অ্যানালিসিস দিতেন প্রচুর সংখ্যক মানুষকে।

জনপ্রিয় ফিনানশিয়াল ইনফ্লুয়েন্সার অবধূত সাঠের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শেয়ার বাজারের নিয়ামক সংস্থা সেবি। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অবধূত এবং তাঁর সংস্থা অবধূত সাঠে ট্রেডিং অ্যাকাডেমিকে স্টক মার্কেট থেকে ব্যান করেছে অর্থাৎ ওই ইনফ্লুয়েন্সার বা তাঁর কোম্পানি শেয়ার বাজারে কোনও ধরনের লেনদেন বা ট্রেডিং সংক্রান্ত বিষয়ে অংশ নিতে পারবেন না। সেই সঙ্গে অবৈধ ভাবে আয় করা ৬০১ কোটি ৩৭ লক্ষ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে সেবি। এই টাকা ৩.৩৭ লক্ষ লগ্নিকারীর থেকে সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ।

অবধূত সাঠে নিজের ট্রেনিং অ্যাকাডেমির মাধ্যমে শেয়ার বাজার সংক্রান্ত উপদেশ, স্টক টিপস এবং মার্কেট অ্যানালিসিস দিতেন প্রচুর সংখ্যক মানুষকে। আইন অনুযায়ী, সেবি রেজিস্টার্ড বা সেবি স্বীকৃত কোনও সংস্থা বা ব্যক্তিই একমাত্র এই পরিষেবা দিতে পারে। কিন্তু অবধূত বা তাঁর কোম্পানি সেবি স্বীকৃত নয়। তবুও স্টক সংক্রান্ত ‘এডুকেশন’-এর নামে লক্ষ লক্ষ মানুষকে স্টক সংক্রান্ত পরামর্শ দিতেন অবধূত। অ্যাকাডেমি শিক্ষার্থীদের বিভিন্ন স্টক কেনা-বেচার জন্য উৎসাহিত করতেন বলে অভিযোগ। টাকার বিনিময়েই এই পরিষেবা তিনি দিতেন। এই কাজে অনভিজ্ঞদের ‘ইচ্ছাকৃত ভাবে মিসলিড’ করার অভিযোগও এনেছে সেবি।

এ বিষয়ে ১২৫ পাতার এক নির্দেশ দেওয়া হয়েছে সেবি-র তরফে। সেখানে অবধূত এবং তাঁর সংস্থার কর্মকাণ্ডের বিষয়ে জানানো হয়েছে। সেবি স্বীকৃত না হওয়া সত্ত্বেও কী ভাবে সাধারণ মানুষকে টাকার বিনিময়ে স্টক অ্যাডভাইস দেওয়া হতো তা জানিয়েছে সেবি। অ্যাকাডেমির স্টুডেন্টরা কী ভাবে তাঁর পরামর্শে শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভবান হয়েছেন, সেই গল্পও তুলে ধরতেন অবধূত। ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের অক্টোবর মাসে পর্যন্ত এই ধরনের কার্যকলাপের বিশ্লেষণ করেই অবধূতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সেবি।

এই ধরনের ইনফ্লুয়েন্সারদের থেকে সাধারণ লগ্নিকারীদের স্বার্থ রক্ষা করতেই পদক্ষেপ সেবি-র। সে জন্যই অবধূত সাঠে এবং তাঁর কোম্পানিকে স্টক মার্কেট থেকে বিরত করার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।

কিন্তু কে এই অবধূত সাঠে? সেবির তদন্তের মুখে পড়া সাঠে বহু দিন ধরেই ভারতীয় ব্যবসায়ী মহলে পরিচিত নাম। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, অবধূতের জন্ম মুম্বইয়ের দাদরে। পরে মুলুন্ডে চলে যান। অবধূত পড়াশোনা করেছেন মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে। প্রথমে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং পরে সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন তিনি। ১৯৯৩ সালে পড়াশোনা শেষ হয় তাঁর।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর অবধূত বেশ কয়েক বছর আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় চাকরি করেন। পরে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিনিয়োগ এবং ব্যবসায় সাফল্য পাওয়ার পর ২০০৮ সালে তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বহু বছর ধরে ভারতীয় শেয়ারবাজারে বিচরণ রয়েছে অবধূতের। ২০০৮ সালে ‘অবধূত সাঠে ট্রেডিং অ্যাকাডেমি প্রাইভেট লিমিটেড (এএসটিএপিএল)’ প্রতিষ্ঠা করেন তিনি। কয়েক বছরের মধ্যেই এএসটিএপিএল-কে ভারতের সবচেয়ে চর্চিত শেয়ারবাজার সংক্রান্ত প্রশিক্ষণ সংস্থাগুলির একটিতে পরিণত করেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *