খবর লাইভ : গত ৩ ডিসেম্বর বিশেষভাবে সক্ষম ভাই-বোনদের কাছে ছিল একটি বিশেষ দিন। আর সেই বিশেষ দিনটিকে সামনে রেখে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছিল পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতি। পানিহাটি মিত্রপাড়ার এই সংস্থা দীর্ঘদিন ধরে বিশেষভাবে সক্ষম মানুষের পাশে থেকে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করছে এবং তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী।
বিশ্ব প্রতিবন্ধী দিবসে পানিহাটি লোকসংস্কৃতি ভবনে তারা আয়োজন করেছিলেন একটি বিশেষ অনুষ্ঠানের। পানিহাটি পুরসভার সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহিনক মুখোপাধ্যায়, পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে, মিঠু দত্ত রায়, প্রদীপ দে, সোমা সাহা, সাহিনীকা দাস, নিবেদিতা রায, প্রবীর চক্রবর্তী, আকাশ দাস, অমরনাথ সাহা, মানিক দাস, শ্যামলী দেব রায়। (কাউন্সিলর), রাখা রায়। (কাউন্সিলর), শাবন্তি রায় (কাউন্সিলর) সহ বিশিষ্টরা।
এই সমিতি প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে। যেমন তাদের জন্য সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিনটিকে তারা পালন করেন।
প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বিষয়গুলির প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের যথাযথ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানোর লক্ষ্যে জনসচেতনতা ছড়িয়ে দেওয়া এই সংস্থার লক্ষ্য।
প্রতিবন্ধী ভাই বোনেদের নাচ ও গানের উজ্জ্বল আলোয় মেতে উঠেছিল এই মঞ্চ এবং শুভ সূচনা। একে একে প্রত্যেক অতিথিকে উত্তরীয় পরিয়ে ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।




