খবর লাইভ : হঠাৎ করেই গুজরাট মন্ত্রিসভার সব মন্ত্রী তাঁদের পদত্যাগপত্র জমা দিলেন। মুখ্যমন্ত্রী সকলেরই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সূত্রের খবর। বৃহস্পতিবারই রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নতুন মন্ত্রীসভা গঠনের দাবি জানাবেন বলে মনে করা হচ্ছে। যদিও এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই বলেই খবর বিজেপি সূত্রে। জানা গিয়েছে, গুজরাট মন্ত্রীসভা নতুন করে গঠন করা হচ্ছে। সেখানে বর্তমান মন্ত্রীদের মধ্যে কেবল হর্ষ সাংঘভি এবং ঋষিকেশ প্যাটেলকেই নতুন মন্ত্রীসভায় রাখার সম্ভাবনা রয়েছে।
বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা আজ রাত ৮টার দিকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে নৈশভোজে গুজরাটের সকল বিধায়কদের সঙ্গে দেখা করবেন বলে ঠিক হয়েছে। পরে, রাত ৯:৩০ টায়, মুখ্যমন্ত্রী প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে শপথ গ্রহণকারী মন্ত্রীদের তালিকা জমা দেবেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে গুজরাট মন্ত্রীসভা আগামীকাল সম্প্রসারিত হওয়ার কথা রয়েছে। এক প্রবীণ বিজেপি নেতার মতে, প্রায় ১০ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হতে পারে। বর্তমান গুজরাট মন্ত্রীসভায় ১৭ জন মন্ত্রী রয়েছেন, যার মধ্যে মুখ্যমন্ত্রী নিজেও রয়েছেন, আটজন ক্যাবিনেট পদমর্যাদার এবং সমান সংখ্যক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যা ১৮২, গুজরাটে সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন, যা মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশ। এই মাসের শুরুতে, প্রতিমন্ত্রী জগদীশ বিশ্বকর্মাকে ভারতীয় জনতা পার্টি গুজরাট ইউনিটের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তিনি কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলের স্থলাভিষিক্ত হন। ভূপেন্দ্র প্যাটেল, যিনি ২০২১ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ১২ ডিসেম্বর, ২০২২ তারিখে তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য শপথগ্রহণ করেন।




