খবর লাইভ : তামিলনাড়ুর করুরে জেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ বিভিন্ন বয়সের মানুষ মারা গেছেন। এখন পর্যন্ত ৫১ জন আহত এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।
রাজ্য সরকারের উদ্যোগে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে প্রতি জনে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
মধ্যরাতেই আহতদের সাথে দেখা করতে করুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেন, “তদন্তে সত্য সামনে আসবে; আমরা রাজনৈতিক রং দিতে চাই না।” ইতিমধ্যেই এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সভার আয়োজন করা হয়েছিল ১০ হাজার মানুষের জন্য, কিন্তু প্রায় ২৭ হাজার লোক ভিড় করেছিল। বিজয় (অভিনেতা থেকে রাজনীতিবিদ), যিনি সভার মূল বক্তা ছিলেন, এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন আহতদের জন্য।
প্রসঙ্গত, জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সম্প্রতি সক্রিয় রাজনীতিতে এসেছেন। তৈরি করেছেন নতুন দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। শনিবার ওই দলের জনসভা ছিল চেন্নাই থেকে ৪০০ কিলোমিটার দূরে করুরে। মুখ্য বক্তা ছিলেন বিজয়ই।




