খবর লাইভ : মেডিক্যাল কলেজে ভর্তি হতে যাওয়ার দিনই আত্মহত্যা করলেন বছর উনিশের এক পড়ুয়া। মহারাষ্ট্রের নাওয়ারগাঁও এলাকার ঘটনা। গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।
মৃত তরুণের নাম অনুরাগ অনিল বোরকার। তাঁর বাড়ি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার নাওয়ারগাঁওয়ে। এ বছরই তিনি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। সংরক্ষিতদের তালিকায় সারা ভারতে তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯। ১৪৭৫ র্যাঙ্কও করেন তিনি। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের মেডিক্যাল কলেজে তাঁর ভর্তি হওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশে যাওয়ার দিনই তিনি আত্মহত্যা করেন। বাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে কী লেখা ছিল তা পুলিশ জানায় নি। তবে একটি সূত্রের খবর, অনুরাগ নোটে লেখেন, তিনি ডাক্তার হতে চান না।
কী কারণে আত্মহত্যা করলেন অনুরাগ তার তদন্ত করছে নাওয়ারগাঁও থানার পুলিশ।




