Special News Special Reports State

বাংলাদেশ সীমান্তে চাষ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু কৃষকের

0
(0)

খবর লাইভ : বাংলাদেশ সীমান্তে চাষ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের এক কৃষকের। মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে সীমান্তের চর এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ঘটনার পর থেকেই মৃতের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্ত নিয়ে নানান অভিযোগ তোলা হয়েছে।

মৃত কৃষকের নাম নাসিরুদ্দিন শেখ (৫০)। তিনি মুর্শিদাবাদের সুতির দু নম্বর ব্লকের জগতাই এক নম্বর পঞ্চায়েতের দেবীপুর গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে তিনি দেবীপুর চর এলাকায় যান চাষ করতে। নিয়ম মেনে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্যাম্পে পরিচয়পত্র জমা দিয়ে চর এলাকায় প্রবেশ করেছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সাধারণত সকাল ১১টার মধ্যে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু মঙ্গলবার অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। উদ্বিগ্ন পরিবার প্রথমে বিএসএফ ক্যাম্পে খোঁজ করতে যায়। বিএসএফ কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টা ৪৬ মিনিটে নাসিরুদ্দিন চর এলাকা থেকে বেরিয়ে গিয়েছেন এবং রেজিস্টারে তাঁর নাম কেটে দেওয়া হয়েছে।

তবে ওই তথ্যে সন্দেহ হওয়ায় পরিবার সুতি থানায় অভিযোগ দায়ের করে। থানার তরফে বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেও কোনও অগ্রগতি হয়নি।

আজ সকালে, দেবীপুর চর থেকেই উদ্ধার হয় নাসিরুদ্দিন শেখের মৃতদেহ। ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সীমান্তে নজরদারির গাফিলতিই এই মৃত্যুর জন্য দায়ী।

ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় গ্রামবাসীদের একাংশের দাবি, সীমান্ত এলাকায় চাষ করতে গেলে প্রায়শই কৃষকদের নানা অসুবিধার মুখে পড়তে হয়। এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও স্বচ্ছ রিপোর্ট দাবি করেছেন নাসিরুদ্দিন শেখের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে কি না, সে দিকেই এখন নজর সকলের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *