খবর লাইভ : ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। রবিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগামে ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল আখাল এলাকা। ভারতীয় সেনার নেতৃত্বে চলমান ‘অপারেশন আখাল’-এর অধীনে রবিবার আরও তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা সূত্র। সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা জওয়ানও।
এর আগে শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কুলগামের আখাল জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী। প্রথম দিনেই শুরু হয় গুলির লড়াই। রাত নামার পর কিছু সময়ের জন্য অভিযান স্থগিত রাখা হলেও শনিবার ভোরে ফের শুরু হয় তল্লাশি। সেদিন তিন জঙ্গিকে হত্যা করে বাহিনী।
রবিবার সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে আরও তিন জঙ্গি নিহত হয়। এখনও পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার যাদের হত্যা করা হয়েছে তারা টিআরএফ -এর সদস্য ছিল। এটি লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন। কিছুদিন আগেই পহেলগাঁও জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল এই সংগঠন, যেখানে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৬ জন নিরীহ সাধারণ মানুষ।
প্রতিরক্ষা দফতরের এক আধিকারিক জানান, অভিযান এখনও চলছে। আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চলছে।
কাশ্মীর উপত্যকায় শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।




