খবর লাইভ : দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কয়েকদিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বিপরীত পরিস্থিতি। সেখানে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুরেও। সোমবার থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এই প্রবণতা বজায় থাকবে। ফলে নদ-নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমবে ও দার্জিলিং-কালিম্পং অঞ্চলে ধসের আশঙ্কাও করা হচ্ছে।
রবিবার ও সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও কমবে এবং কিছুটা বাড়বে তাপমাত্রা। এর জেরে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ফের সক্রিয় হতে পারে বর্ষা। নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৬ শতাংশ, যা এই সময়ে অস্বস্তির অন্যতম কারণ।




