খবর লাইভ : পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। টানা তিন দিন কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। জবাব দিয়েছে ভারতও।
দেশের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের দিল্লির বাসভবনে পৌঁছে যান সেনা সর্বাধিনায়ক। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয় তাঁদের। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলার পরে পাকিস্তানকে জবাব দিতে কী কী গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের।
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গত তিন দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ শুরু করেছে পাক সেনা। পাকিস্তানের এক মন্ত্রী আবার ১৩০টি পারমানবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে সেনা সর্বাধিনায়কের সঙ্গে রাজনাথের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই কূটনৈতিক আঘাত এবং প্রত্যাঘাতের পরিস্থিতির দিকে নজর রাখছে অন্য দেশগুলিও। পহেলগাঁও কাণ্ডের নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নয়াদিল্লি-ইসলামাবাদ দ্বন্দ্বে মধ্যস্থতার কোনও আকাঙ্ক্ষা নেই মার্কিন প্রেসিডেন্টের।




