খবর লাইভ : জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সেখানে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। সেনার গুলিতে কত জন জঙ্গি ঘায়েল হয়েছে, তা জানা-না গেলেও জানা গিয়েছে সেনার কেউ হতাহত হননি।
ওখানে কত জন জঙ্গি লুকিয়ে, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এখনও পর্যন্ত ভারতের দিকে হতাহতের কোনও খবর নেই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে ওয়াঘার ও পারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও।
প্রসঙ্গত , পুঞ্চেও বৃহস্পতিবার সকাল থেকে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে সেনা। লাসানার জঙ্গলে জঙ্গিদের খোঁজ চলছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই সকালে ওই এলাকায় পৌঁছেছে বাহিনী। তল্লাশি অভিযান চলছে। গত ১৫ এপ্রিল এই জঙ্গলেই নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের সংঘর্ষ হয়। এক জওয়ান সেই ঘটনায় আহত হয়েছিলেন।




