খবর লাইভ : কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি মিছিল ব্রিগেডে এসেছে। তার আগে ব্রিগেডে ঢুকতে শুরু করেছেন কর্মীরা। ব্রিগেড সমাবেশের মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন কর্মী-সমর্থকেরা।
শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি— চারটি গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে সিপিএম। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি মিছিল ব্রিগেডে যাবে। এপ্রিলের রোদের তেজের কথা ভেবেই বেলা ৩টেয় ব্রিগেডের সভা শুরু করবে সিপিএম। বক্তা থাকবেন ছ’জন। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়া তালিকায় আছেন কৃষকসভার অমল হালদার, ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার, বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, সিটুর অনাদি সাহুরা। তবে তাঁদের মধ্যে মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম নেই।
দলে দলে বাম কর্মী-সমর্থকেরা জেলা থেকে কলকাতার দিকে আসছেন। শিয়ালদহ স্টেশনে তাঁদের ভিড় চোখে পড়ছে। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী রবিবার বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করেছেন। তিনি বলেন, ‘‘বামেদের এই ব্রিগেড সফল হোক। এটাই আমি চাই। বামেরা কিন্তু কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেনি। যেটা আমরা এখন দেখছি। তাই আমি চাই ওদের ব্রিগেড সব দিক থেকে সফল হোক।’’




