খবর লাইভ : নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ-কর্মসূচিকে কেন্দ্র করে দুই থানা এলাকাতেই অশান্তি ছড়িয়েছিল গত সপ্তাহে। তাতে তিন জনের মৃত্যুও হয়েছে। মুর্শিদাবাদের সেই শামসেরগঞ্জ এবং সুতি থানার ওসিকে এ বার সরিয়ে দিল রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, এত দিন ওই দুই থানায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ওসি ছিলেন। এ বার সেখানে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নিয়ে আসা হল। ফলে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ওই দুই থানার গুরুত্বও বাড়ল বলে মনে করা হচ্ছে।
মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ‘গোয়েন্দা ব্যর্থতা’ রয়েছে কি না, তা নিয়ে পুলিশের অন্দরে আলোচনা চলছে। রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে, তার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়েছেন, গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পুলিশের অন্দরের অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তা হলে ‘গোয়েন্দা ব্যর্থতা’র কারণেই শমসেরগঞ্জ এবং সুতি থানার ওসিকে সরিয়ে দিল রাজ্য পুলিশ?
বৃহস্পতিবার ভবানী ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানানো হয়েছে, আইসি পদমর্যাদার সুব্রত ঘোষকে শমসেরগঞ্জ থানার দায়িত্বে পাঠানো হচ্ছে। সুব্রত এত দিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কল ইন্সপেক্টর পদে ছিলেন। আর সুতি থানার দায়িত্বে পাঠানো হল আইসি সুপ্রিয়রঞ্জন মাজিকে। তিনি এতদিন পূর্ব বর্ধমানের সদর ট্র্যাফিক গার্ডের আইসি পদে ছিলেন। এত দিন শমসেরগঞ্জ এবং সুতি থানার ওসি পদে ছিলেন শিবপ্রসাদ ঘোষ এবং বিজন রায়। পুলিশ সূত্রে খবর, দু’জনকেই জেলার পুলিশ লাইনে পাঠানো হয়েছে।




