খবর লাইভ : চলতি মাসের ১ তারিখ থেকে কোভিড বিধি শিথিল করেছে রাজ্য। অনুমতি দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি বাসের চলাচলকে। কিন্তু সরকারি বাস চললেও রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের। তাদের দাবি, ভাড়া বাড়াতে হবে। সমস্যা মেটাতে বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণ কমল সাহার সঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের আজ বৈঠক হওয়ার কথা।
মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘বাসের ভাড়া নিয়ে সমস্যার কথা আমরা জানি। সরকার বিষয়টা দেখছে। বাস মালিকদের আমরা বারবার বলেছি বাস চালাতে।’ সূত্রের খবর, আজকের বৈঠকের পরেও বাস মালিকরা বাস না চালালে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে পারে। গত বছরও ঠিক একই ইস্যুতে লকডাউনের পরে রাস্তায় বাস নামানো নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই বাস ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন বেসরকারি বাস মালিকরা। তাদের দাবি মেনে একটি কমিটিও করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই কমিটিও ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।
বেসরকারি বাস মালিকরা সরকারের সঙ্গে সংঘাতে না গিয়ে সমাধানের পথ খুঁজছে। মালিকদের বক্তব্য জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই মুহূর্তে ভাড়া না বাড়ালে বাস চালানোর আর্থিক ক্ষমতা তাদের নেই। দীর্ঘদিন বসে থাকার জন্য বাস গুলির মেরামতির প্রয়োজন। ফিটনেস সার্টিফিকেট দরকার পিভিডি থেকে। কিন্তু তার টাকা নেই। কিছু রুটে বিক্ষিপ্তভাবে বেসরকারি বাস পথে নামলেও সরকার ঘোষিত ভাড়া নেওয়া হচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ। তাতেও বেঙ্গল বাস সিন্ডিকেটের হাতে থাকা ১৭ টি রুটের মধ্যে মাত্র দুটি রুটে মোট তিনটি বাস চলছে।




