খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে সরাকরি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এই অভিযোগে কলকাতার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশ্যাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর থেকে। যা শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললন, তিলজলায় তৃণমূলের যে পার্টি অফিস হচ্ছে তার প্রোমোটারকে দেওয়ার জন্য টাকা তুলছিল কালী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সেখানে বেশ কয়েকটি অভিযোগপত্র আসে। অভিযোগপত্রগুলির বয়ান প্রায় একই। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হবে বলে প্রতারণা করা হয়েছে। আর প্রতারণা করেছেন ফিরহাদ হাকিমের ওএসডি। এর পর প্রতিটি অভিযোগপত্রের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানায় একটি করে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই অভিযোগের ভিত্তিতে কোনও এফআইআর হয়েছে কি না জানা যায়নি।
ওএসডির নামে থানায় অভিযোগ জমা পড়তেই ফোঁস করে উঠলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতায় মেয়র তথা রাজ্যের মন্ত্রী দাবি করেন যে তাঁর কানে কখনও এরকম অভিযোগ আসেনি। আর অভিযোগ থাকলে থানায় না গিয়ে আগে তাঁকে জানানো যেত। সেইসঙ্গে তিনি প্রশ্ন করেন, কারও বিরুদ্ধে যদি ভিত্তিহীন অভিযোগ ওঠে, তাহলে কীভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরিয়ে দেবেন? আর সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি সরাসরি অভিষেকের অফিসের অভিযোগ খণ্ডন করে দিলেন ফিরহাদ?
মেয়র বলেন, ‘আমি আগে এটা কখনও শুনিনি। যদি কোনও অভিযোগ থাকে, তাহলে আমায় দিত। আমি তদন্ত করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আপনার কাছেই শুনলাম।’




