খবর লাইভ : দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি সরকার গঠিত হলে ভারতে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর। শুধু তাই নয়, মথুরায় বিতর্কিত কৃষ্ণ জন্মভূমি ও জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে হবে বিশ্বনাথের মন্দির। এ সবই সম্ভব হবে বিজেপিকে ৪০০ আসনে জেতালে।
অসমের মুখ্যমন্ত্রী জানালেন, ৪০০ আসন জিতে ক্ষমতায় এলে বিজেপি মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দির এবং জ্ঞানবাপী মসজিদের স্থলে বাবা বিশ্বনাথের মন্দির নির্মাণ করবে। দিল্লিতে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে স্মরণ করার রাম মন্দির নির্মাণের কথা। তিনি বলেন, ‘লোকসভায় ৩০০ আসন পাওয়ার পর বিজেপি প্রতিশ্রুতি মারফত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছিল। এবার কৃষ্ণ জন্মভূমি এবং বাবা বিশ্বনাথের মন্দির নির্মাণের পালা। ৪০০ আসন জিতলেই দেশে নির্মিত হবে এই দুই মন্দির।’
আরও পড়ুনঃ গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মাম্পি দাস
তিনি বলেন, কংগ্রেস বারবার জানতে চাইছে তাই বলেই দিচ্ছি। ৪০০ আসন জিতলে কৃষ্ণ জন্মভূমি মন্দির এবং বাবা বিশ্বনাথ মন্দির নির্মাণ করা হবে। জ্ঞানবাপী মসজিদের স্থলেই তৈরি করা হবে বাবা বিশ্বনাথের মন্দির।’কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘গত সাতদিন ধরে আমরা সকলে পাক অধিকৃত কাশ্মীরের ছবি দেখতে পাচ্ছি। প্রতিদিন সেখানে অশান্তি চলছে। ভারতের পতাকা নিয়ে সেখানকার বাসিন্দারা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমার ধারণা এটা তো সবে শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ৪০০ আসন জিতে ক্ষমতায় আসবেন তখন পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে।’




